সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

আপডেট : ২০ মার্চ ২০২২, ১২:৫২

সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তাকে আজ বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।

তাঁর জানাজায় উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সিনিয়র আইনজীবীরাসহ হাজারো মানুষ।

এর আগে সাবেক রাষ্ট্রপতির প্রথম জানাজা গতকাল শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

ইত্তেফাক/এমআর