মোংলায় ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারি আটক 

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৭:০৮

মোংলায় বিদেশী গ্যাসের জাহাজ থেকে পাচার হওয়া ৪ হাজার লিটার ডিজেলসহ ২ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২০ মার্চ) ভোর ৫ টার দিকে বন্দরের পশুর নদীর ওমেরা গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটককৃতরা হলেন, খুলনার কয়রা উপজেলার মো. আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আব্দুল হান্নানের ছেলে মো. নুর আলম। 

কোস্টগার্ড পশ্চিম জোন'র (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, রবিবার ভোর ৫ টার দিকে বন্দরের পশুর নদীর ওমেরা গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেল জব্দ ও চোরাকারবারিদেরকে আটক করা হয়। 

জব্দকৃত ৪ হাজার লিটার ডিজেল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

 

 

ইত্তেফাক/এআই