যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

আপডেট : ২০ মার্চ ২০২২, ১৮:২৩

রবিবার যশোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার (৬৫), সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও একই গ্রামের মনজেল মজুমদার (৫৫)। 

পুলিশ জানায়, রবিবার সকালে সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটারামতলায় রাস্তা পার হবার সময় মাগুরামুখি একটি বাসের ধাক্কায় রনজিৎ সরকার গুরুতর আহত হন। স্থানীয়রা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলায় চায়না প্রকল্পের সামনে একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী সাইফুল ও মনজেল গুরুতর আহত হন। তাদের যশোর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন দুজনকে মৃত ঘোষণা করেন। 

ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 

ইত্তেফাক/এআই