কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দুই বছর পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে।
রবিবার (২০ মার্চ) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা বর্তমান সরকারের দায়িত্ব। নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ যারা ষড়যন্ত্র করছে-তাদেরকে মোকাবিলা করাও আওয়ামী লীগের দায়িত্ব। আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি।
বিএনপির ব্যর্থ আন্দোলন ও আস্ফালন-বিবৃতি প্রসঙ্গে ড. আব্দুর রাজ্জাক বলেন, ২০০৯ সালে আমরা ক্ষমতার আসার পর থেকেই বেগম খালেদা জিয়া, বিদেশে থেকে তারেক রহমান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা সরকার পতনের আন্দোলন, কর্মসূচি ও বিবৃতি দিয়ে আসছে। তার ফল কি, আমরা তা দেখেছি। সেসব ব্যর্থ আন্দোলনের পুনরাবৃত্তি ও অকার্যকর আস্ফালন-বিবৃতি আমরা দেখে আসছি। তারা ক্ষমতার বাইরে ছিল, এখনও আছে; ভবিষ্যতেও ক্ষমতার বাইরেই থাকবে। রাজনৈতিক মূলধারায় আর কখনও প্রভাব বিস্তার করতে পারবে না।
সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, ছোটমনির এমপি প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোয়ারা বেগম ও সঞ্চালনা করেন সদস্য সচিব ফেরদৌসি আক্তার রুনু।

সয়াবিন তেলের দাম কমলো কত