বরেণ্য বিজ্ঞানী, গবেষক ও গণিতবিদ অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মরণে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হচ্ছে ‘১ম জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন-২০২২’। ‘সমৃদ্ধ আগামীর পথে তরুণ প্রজন্ম’ এই প্রতিপাদ্যে সোমবার (২১মে) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তরুণ প্রজন্মকে গবেষণামুখী করার প্রয়াসে এবং দেশে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের গবেষণা সংস্কৃতি তৈরির লক্ষ্যে জাতীয় পর্যায়ের এই সম্মেলনটির আয়োজন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি।
বাংলাদেশের যেকোনো প্রান্তের যেকোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, এমফিল এবং পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং এর পাশাপাশি ১৮-৩৫ বছর বয়সী যেকোনো গবেষক অংশ নিতে পারবেন এই সম্মেলনে।
সর্বমোট ছয়টি শাখায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন। শাখাগুলো হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ভেটেরিনারি সায়েন্সেস, এগ্রিকালচারাল, প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, মেডিক্যাল অ্যান্ড হেলথ সাইন্সেস, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্সেস এন্ড ল।
পোস্টার প্রেজেন্টেশন, ওরাল প্রেজেন্টেশন এবং তিন মিনিট থিসিস (মাধ্যম: বাংলা) এই তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। আশা করা হচ্ছে এতে উপস্থিত থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অন্তত দুই শতাধিক তরুণ গবেষক।
প্রাথমিক পর্যায়ে প্রতিযোগীরা তাদের গবেষণা কার্যক্রমের অ্যাবস্ট্রেক্ট (সারাংশ) আয়োজক কমিটি বরাবর জমা দেবেন আগামী ১৬ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে। এক্ষেত্রে কোনো ধরনের ফি প্রদানের প্রয়োজন হবে না। এরপরে সব প্রতিযোগীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রতিযোগীদের তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল।
