চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকি একজনকে চট্টগ্রামে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
জানা যায়, প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।
নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুনুর রশিদ(২৮)। তিনি উপজেলার আমিরাবাদ ঝাকুয়াবির পাড়ার মৃত নাছির উদ্দিনের পুত্র। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। হারুন ভোরে আমিরাবাদ স্টেশন থেকে প্রাইভেট কার করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। হারুনের মৃত্যুর বিষয়টি তার খালাত ভাই মহসিন নিশ্চিত করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম জানান, ‘মহাসড়কের আধুনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। সড়ক থেকে ট্রাক ও কারটি থানা হেফাজতে আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
