শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও এক মরদেহ উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২২, ১১:১৯

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে নদীতে ডুবে যাওয়া এম এল আফসার উদ্দিন নামের লঞ্চটি উদ্ধার করা হয়েছে। ভোর সাড়ে ৬টার দিকে লঞ্চটি উদ্ধার করে নারায়ণগঞ্জ বন্দর থানার কাশিপুর খালের উত্তর পাড়ে রাখা হয়েছে।

রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চকে এম ভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ডুবে যায়। পরে লঞ্চডুবির ঘটনায় ওইদিন ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী, দুটি শিশু ও একজন বৃদ্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, উদ্ধার করা মরদেহের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মুন্সীগঞ্জের ইসলামপুর এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে জয়নাল (৫৫), মুন্সীগঞ্জের দিন ইসলামের স্ত্রী আরিফা বেগম (৩৫) ও তার ছেলে সন্তান সাফায়েত (১৫)।

ইত্তেফাক/এসজেড