রংপুরে অটোরিকশা চালকদের ধর্মঘট, বিপাকে শিক্ষার্থীরা

আপডেট : ২১ মার্চ ২০২২, ১১:৪০

রংপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও শ্রমিকদের আট দফা দাবি আদায়ের লক্ষ্যে অর্ধদিবস ধর্মঘট পালন করছে অটোরিকশা চালকদের ৬টি সংগঠন। সোমবার (২১ মার্চ) ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে দুপুর ২ পর্যন্ত। ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামল বাবু।

রংপুর মহানগর ব্যাটারিচালিত রিকশাভ্যান জাতীয় শ্রমিক ঐক্যজোটের ব্যানারে শ্রমিকেরা এ কর্মসূচি পালন করছে। গত কয়েকদিন ধরে ধর্মঘটের পক্ষে নগরীজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে সংগঠনগুলো। ধর্মঘটে জাতীয় পার্টিপন্থী শ্রমিক নেতারা নেতৃত্ব দিচ্ছেন।

এদিকে অটোরিকশা চালক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটে বিপাকে পড়েছেন অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরাসহ স্কুল-কলেজগামী সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। দুর্ভোগে পোহাতে হচ্ছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেকে। 

নগরীর শাপলা চত্বরে রুজিনা জামান, রোজ নামে এক অভিভাবক দীর্ঘক্ষণ অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ধর্মঘটের কারণে  অটোরিকশা চালকরা গাড়ি বন্ধ রাখায় তিনি সন্তানকে নিয়ে হাঁটতে শুরু করেন। 

এই অভিভাবক অভিযোগ করে বলেন, ‘সাধারণ মানুষরা সব সময়ই হয়রানির শিকার। অটোরিকশা চালকরা এমনিতেই ভাড়া বেশি নেন। যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করেন। অতিরিক্ত রিকশা ও অটোরিকশার জটে শহরে চলাচল দুষ্কর।’

রংপুর মহানগর জাতীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামল বাবু ইত্তেফাককে বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে আট দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে আসছি। দাবি আদায়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো দাবি আমলে নেয়নি। তাই আমরা অটোচালকদের ৬টি সংগঠন একত্রিত হয়ে ধর্মঘট পালন করছি। এ ধর্মঘট চলাকালে রংপুরে ৮ ঘণ্টা কোন রিকশা ও অটোরিকশা চলাচল করতে পারবে না।’

শ্রমিকদের আট দফা দাবি হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের সঙ্গে সংগতি রেখে রিকশাভ্যান ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের ভাড়া বৃদ্ধি করে নগরের বিশেষ বিশেষ জায়গায় তালিকা টাঙানো, শ্রমিকদের ওপর অন্যায়ভাবে পুলিশের চাপিয়ে দেওয়া জরিমানা আদায় বন্ধ, ব্যাটারিচালিত রিকশার দুই হাজার নতুন লাইসেন্স প্রদান, নগরের শাপলা চত্বর থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত প্রধান সড়কে রং দিয়ে চিহ্নিত করে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচলে পৃথক লেন, রিকশাভ্যান ও ব্যাটারিচালিত রিকশা চুরি, ছিনতাই ও প্রতারণা করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার এবং ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ।

এ ব্যাপারে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘রংপুরে অনেক বেশি অটোরিকশা ও চার্জাররিকশা চলাচল করছে। অথচ সিটি কর্পোরেশন থেকে নিবন্ধন (লাইসেন্স) দেয়া রয়েছে ৮ হাজার ২৪০টি ব্যাটারিচালিত চার্জাররিকশা ও অটোরিকশার। আন্দোলনরত শ্রমিকদের কিছু দাবি আমার এখতিয়ারে না হলেও অন্য দাবিগুলোর গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।’

এর আগে গত ১৩ মার্চ একই দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি শেষে সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দেন অটোরিকশা চালকদের ৬টি সংগঠন।

ইত্তেফাক/এসজেড