ঠাকুরগাঁও সদর রুহিয়াতে সন্তানের সামনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ মার্চ) বেলা ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জণ রায়।
ওসি বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার আসামিরা। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়েছে৷ এরই মধ্যে রবিবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি কথিত তান্ত্রিক প্রকাশ বর্মণকে (ঝোল) গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত তিন মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে ৩ বছরের সন্তানসহ ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ ঝোল। সেখানে তাকে পূর্বপরিকল্পিতভাবে রাতভর শারীরিক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা৷ এরপর তাকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চায় তারা৷ এক পর্যায়ে মামলা করতে চাওয়ায় নানা রকম ভয়ভীতি দেখানো হয় তাকে৷ ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে নারী বাদি হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. গোলাম ফারুকের আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি করা হয় রেল গেট কিপার শামিম ইসলামকে ও অন্যান্য আসামিরা হলেন মো. মেজর মো. এনামুল হক, উজ্জ্বল দাস ও গ্রেফতারকৃত কথিত তান্ত্রিক প্রকাশ ঝোল।
ওসি চিত্ত রঞ্জণ রায় বলেন, শিগগিরই বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
