ট্রেইলরে আমাকে দেখা গেলেও বোঝা যায়নি: ইমন

আপডেট : ০১ জুন ২০১৯, ২১:৫২

ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক ইমন অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। মালেক আফসারী পরিচালিত সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন শাকিব খান। সম্প্রতি সিনেমাটি ট্রেইলর প্রকাশ পায়। কিন্তু সেখানে দেখা যায়নি ইমনকে। এই প্রসঙ্গের পাশাপাশি সিনেমা অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন ইত্তেফাকের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু।

ঈদে আপনার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। শুরুতে সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলুন—

অভিজ্ঞতা বেশ ভালো। কারণ মালেক আফসারীর পরিচালনায় কাজ করা মানে অনেককিছু নতুন করে শেখা। এছাড়া একজন পরিচালক হিসেবে তিনি অনেক হেল্পফুল। তিনি শিল্পীর স্বাধীনতাও রাখেন। শিল্পীও কী চায় সেই গুরুত্বটা তিনি দিয়েছেন।

এই সিনেমায় অভিনয়ের জন্য শাকিব খান আপনাকে ফোন করেছিলেন। কাজ করতে গিয়ে চরিত্রের গুরুত্ব কেমন মনে হয়েছে?

আমি যতটুকু শুনেছি, এই সিনেমায় শাকিব ভাইয়ের দ্বৈত চরিত্রে অভিনয় করার কথা ছিল। সেই চরিত্রেই আমি অভিনয় করি। ভিন্ন রকম একটি চরিত্র। চরিত্রটিতে আমার অভিনয়ের সুযোগ ছিল। সেই জায়গা থেকে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। এছাড়া আমি গল্পটা যখন শুনি তখনই কাজটি করার সিদ্ধান্ত নেই।

ট্রেইলারে আপনার কোনো দৃশ্য রাখা হয়নি। এই বিষয়টি কীভাবে দেখছেন?

আন্তর্জাকিতক মানে একটি ট্রেইলার হয়েছে। ট্রেইলারে আমাকে দেখা গেলেও বোঝা যায়নি। সবার একটা অপেক্ষা ছিল আমাকে দেখা যাবে। হয়তো অনেকেরই মন খারাপ হয়েছে।

এ নিয়ে আপনার কোনো আক্ষেপ বা মন খারাপ হয়েছে কি-না?

না, এমনটা হয়নি। কারণ প্রডাকশন থেকে বলা হয়েছে ইচ্ছে করেই ট্রেইলারে আমার দৃশ্য রাখা হয়নি। এই চরিত্রটি নিয়ে চমক রাখা হয়েছে। সরাসরি সিনেমায় দেখা যাবে।

এত বিগ বাজেটের একটি সিনেমা। কিন্তু কোনো ধরনের প্রচারণা নেই। এর কারণ কী—

আসলে ঈদে আর মাত্র কয়েকদিন বাকী। এই সময়ে প্রচারণার জন্য সময় পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও আমি ব্যক্তিগতভাবেও প্রচারণা চালিয়ে যাচ্ছি।

ইত্তেফাক/বিএএফ