শিয়ালকোট গ্যারিসনে দুর্ঘটনায় আগুন: পাকিস্তান সেনাবাহিনী

আপডেট : ২১ মার্চ ২০২২, ১৭:২২

পাকিস্তানের শিয়ালকোট গ্যারিসনের কাছে একটি গোলাবারুদের গোডাউনে দুর্ঘটনাজনিত আগুন লেগেছে। তবে রবিবার (২০ মার্চ) হওয়া এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আরি নিউজ ও এশিয়ান এজ।

পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, শর্ট-সার্কিটের কারণে শিয়ালকোট গ্যারিসনের কাছে একটি গোলাবারুদের গোডাউনে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পাক সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, ‌‘কার্যকর এবং সময়মতো ব্যবস্থা নেওয়ায় দ্রুতসময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। এতে সম্পত্তির ক্ষয়ক্ষতি ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এর আগে রবিবার শিয়ালকোট শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, পাঞ্জাব প্রদেশের সেনানিবাস এলাকার কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইত্তেফাক/টিএ