মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে: ফখরুল

আপডেট : ২২ মার্চ ২০২২, ০০:৩২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার বলে তাদের অর্জন মেগা প্রজেক্টস,পদ্মা ব্রিজ। এই মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। দেশ এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই লুটপাটের স্বর্গরাজ্য আজকে নতুন না। এটা আওয়ামী লীগের কেমিস্ট্রির মধ্যে আছে। যখনই তারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পায়, তখনই তারা লুটপাট করে। সেজন্য মওলানা আবদুল হামিদ খান ভাসানী একবার বলেছিলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নাম পরিবর্তন করে দিয়ে সেটাকে বলা উচিত ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’।’ আজকেও একই অবস্থা দাঁড়িয়েছে।

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লে. কর্নেল (অব.) জয়নাল আবেদিন, গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপির শিরিন সুলতানা, ডা. শাহাদাত হোসেন, হাজী আবুল হোসেন, মোকসেদ আলী মঙ্গলীয়া, ইশরাক হোসেন প্রমুখ।

ফখরুল বলেন, আজকে টিসিবির ট্রাকের পেছনে গিয়ে যারা দাঁড়ায় ন্যায্যমূল্যে পণ্য কেনার জন্য, তাদের কোনো উন্নতি হয়নি। আমার গ্রামের কৃষকের পণ্যের দাম বাড়েনি, তাদের কোনো উন্নতি হয়নি; আমার শ্রমিকের মজুরি বাড়েনি, তাদের কোনো উন্নতি হয়নি। আজকে আমাদের যে শিক্ষক স্বল্প বেতনে চাকরি করেন, তার কোনো পরিবর্তন হয়নি; আজকে ছোট ছোট ব্যবসায়ী, হকার—তাদের অবস্থার পরিবর্তন হয়নি। বর্তমান অবস্থার পরিবর্তনে ঐক্যের কোনো বিকল্প নেই।