আবারও টেলিছবিতে দেখা যাবে চিত্রনায়ক মামুনুন ইমনকে। দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে এটি। নাম ‘বোকা কোথাকার’। সুস্ময় সুমনের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন দীপু হাজরা।
এর গল্পে দেখা যাবে, জাবেদ আর মীরার টানাটানির সংসার। সম্প্রতি জাবেদের অফিসে ঠিকমতো বেতন হচ্ছে না। তাতে করে ওদের অবস্থা আগের চেয়ে আরো বেশি খারাপের দিকে মোড় নিয়েছে। মীরা জাবেদকে বারবার বলে চলেছে এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরির খোঁজ করতে। কিন্তু জাবেদ তা করছে না। সে তার বিবেকের কাছে পরিচ্ছন্ন থাকতে চায়। যে অফিসে এতদিন সে চাকরি করেছে, তারা আজ ক মাস বেতন দিতে পারছে না বলে সেই অফিস ছেড়ে চলে যাওয়ার পক্ষপাতি নয় সে। স্বামীর এসব ছেলেমানুষী সিদ্ধান্তে অভিমান করে মীরা। অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করে। এভাবেই চলতে থাকে দিন।
এছাড়া ঘর ভাড়া থেকে মুদি দোকান, চারপাশে যখন দেনার পাহাড়, তখন হঠাৎ একদিন রাস্তার মাঝে কলেজ জীবনের বন্ধু সুমনের সাথে দেখা হয়ে যায় জাবেদের। সুমন অনেক বছর দেশের বাইরে ছিল, আজও বিয়ে করেনি। জাবেদ খুশি হয়ে তাকে বাসায় নিয়ে আসে। জাবেদ, সুমন আর মীরা একসাথে পড়েছে, কাজেই পুরানো বন্ধুকে দেখে খুশি হয়ে ওঠে মীরাও। কিন্তু এর কদিন পর থেকেই শুরু হয় টানাপোড়েন।
সুমন মীরাকে জানায়, সে আজও মীরাকে ভালোবাসে। মীরা যদি চায় সে এখনও ওকে বিয়ে করতে প্রস্তুত আছে। বন্ধুর মুখে এসব কথা শুনে মীরা প্রথমে মজার ছলে নিলেও সুমন নিজের সিদ্ধান্তে অটল থাকে। এদিকে স্বামীর নানা বোকামিতে ধীরে ধীরে অতিষ্ট হয়ে ওঠে মীরা। সুমন নিজে থেকে ওদের বাড়িভাড়া, মুদির বিল সব দিয়ে দিতে থাকে। এতে করে বোকাসোকা জাবেদ কিছু না বুঝলেও মীরা কেন যেন ছোট হয়ে যেতে থাকে সুমনের কাছে। দারিদ্রতা মীরাকে অসহায় করে তোলে-সে হারিয়ে ফেলতে থাকে নিজের বিচারবুদ্ধি। দুর্বল হয়ে পড়ে পুরানো বন্ধু সুমনের ওপর। এদিকে জাবেদ একদিন সুমনের সঙ্গে দেখা করে। বলে যে, কলেজে সুমন তার খাতা দেখে পাস করা স্টুডেন্ট হয়েও আজ ধনী। আর তার অবস্থা হয়েছে বেড়াছেঁড়া অবস্থা। কিন্তু এরপরেও নিজেকে একজন জিতে যাওয়া মানুষ বলে মনে করে জাবেদ কারণ সে মীরাকে জয় করতে পেরেছে। তার মুখে এমন সহজ কথা শুনে মনে মনে হাসে সুমন। এমন গল্প নিয়েই এগিয়ে চলে ‘বোকা কোথাকার’ টেলিফিল্মটির গল্প।
এতে জাবেদ চরিত্রে মামুনুন ইমন, সুমনের ভূমিকায় সমাপ্তি মাসুক ও মীরা হয়েছেন ললনা নূর। আরও অভিনয় করেছেন নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস, পনির শিকদার প্রমুখ।
আগামীকাল (২৩ মার্চ) চ্যানেল আইতে দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিছবিটি। এর প্রযোজনায় আছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

