২০ হাজার কেজি সরকারি চালসহ ব্যবসায়ী আটক

আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮:০৯

কক্সবাজারের পেকুয়ায় একটি চালের গুদাম থেকে ১৯ হাজার ৯৯০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। সরকারি চাল অবৈধ মজুদের দায়ে দিদারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া বাজার থেকে এসব জব্দ করা হয়। আটক দিদারুল ইসলাম শীলখালী ইউনিয়নের হেদায়তবাদ এলাকার কামাল হোসেনের ছেলে।
 
পেকুয়া সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, একটি গুদাম থেকে সরকারি বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়েছে। এসব চালের মধ্যে ৩শ ৩৩ বস্তা ৩০ কেজি ওজনের ও ২শটি ৫০ কেজি ওজনের চালের বস্তা রয়েছে। গুদামটি সিলগালা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পেকুয়া বাজারের এক ব্যবসায়ী নেতা বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে চাল গুলো রেশনের। রেশন পাওয়া সরকারি অনেক কর্মজীবী প্রাপ্ত রেশনের চাল থোকের উপর বিক্রি করে দিয়ে আসেন। সেসব চাল কিনে বাজারে বিক্রি করেন ব্যবসায়ীরা। এটা সারাদেশেই হয়।
 
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ধৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/এমএএম