ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭ দিন অতিবাহিত হয়ে গেছে। কিন্তু সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বোমা হামলায় কয়েক সপ্তাহের মধ্যে মারিউপোল শহরটি ধ্বংস হয়ে গেছে। খবর প্রকাশ করেছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২২ মার্চ) ইতালির পার্লামেন্টে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। ভিডিওকলে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ওখানে (মারিউপোল) কিছুই অবশিষ্ট নেই। শুধু ধ্বংসাবশেষ।’
এ সময় সিটি কাউন্সিল বলেছে, রাশিয়ান বাহিনী দুটি বড় বোমা ফেলেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনার কথা তারা বলেনি। মারিউপোল শহরটি এখন মৃত ভূমির ছাইয়ের মতো হয়ে গেছে।
এদিকে, ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, মারিউপোল থেকে অন্তত এক লাখ বেসামরিক নাগরিক পালাতে চায়। কিন্তু তারা পারছে না। কারণ, অবরুদ্ধ দক্ষিণ-পূর্ব বন্দর শহরটিতে নিরাপদ করিডোর নেই।
তিনি আরও জানান, রুশ বাহিনীর গোলাগুলির কারণে উদ্ধারকর্মীরা মারিউপোলের একটি বোমা বিধ্বস্ত থিয়েটারে প্রবেশ করতে পারছে না। শহরের কর্মকর্তারা বলছেন, সেখানের ভূগর্ভে কয়েকশ লোক আশ্রয় নিয়েছে। গত সপ্তাহে বিমান হামলার পর তারা সেখানে আশ্রয় নেয়। তবে রাশিয়া বলছে, তারা থিয়েটার বা কোনো বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়নি।
