পতুর্গাল যদি আসছে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে চায়, তাহলে তুরস্কের বিপক্ষে প্লে-অফের সেমিফাইনালে জিততে হবে। শুধু জিতলেই হবে না, বাধা আরও আছে। এরপর ফাইনালে ইতালি অথবা নর্থ মেসিডোনিয়াকে যদি হারাতে পারে, তাহলে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট হাতে মিলবে।
আর এই দুই ম্যাচের একটিতে হারলেই পতুর্গালের বিশ্বকাপ খেলার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। পতুর্গিজদের সব ভাবনা রোনালদোকে ঘিরে। ওরা মনে করে, রোনালদোই পারবেন বিশ্বকাপে তুলে নিতে। রোনালদো ভাবছেন, কীভাবে পতুর্গালকে বিশ্বকাপের মূল মঞ্চে তুলে আনা যায়।
ইতালিও ভালো বিপদেই পড়েছে। মনে থাকার কথা চার বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এই ইতালি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেনি। সেই ইতালি এবার প্লে-অফে লড়ছে। যদি কোনো অঘটন ঘটে, তাহলে ইতালিকেও দর্শক আসনে বসতে হবে। তাই এবারের সুযোগ হাতছাড়া করবে না ইতালি, এমনটিই মনে করেন ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী দলটির অধিনায়ক ফ্যাবিও ক্যানভারো।
বিশ্বকাপে খেলতে পারবেন না, সেটা নিশ্চয়ই চাইছেন না রোনালদো নিজেও। ৩৭ বছর বয়সী তারকার জন্য এটাই যে হতে পারে বড় কোনো শিরোপা জেতার শেষ সুযোগ। এর আগে চার বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে পারেননি। একবারই জিতেছেন ইউরো। এবারের বিশ্বকাপটা তাই খেলতে মরিয়া রোনালদো।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে তুরস্কের বিপক্ষে প্লে-অফের সেমিফাইনাল ম্যাচটি জেতার বিকল্প নেই পতুর্গালের। ম্যাচটি সামনে রেখে জাতীয় দলের অনুশীলনেও যোগ দিয়েছেন রোনালদো। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন লড়াই করার বার্তা।
তিনি লিখেছেন, ‘পুরো মনোযোগ ২০২২ বিশ্বকাপে। সব সময়ের মতো পতুর্গালের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। আমরা জানি, পথটা সহজ হবে না। আমাদের প্রতিপক্ষের জন্য পূর্ণ সম্মান আছে। যাদের মুখোমুখি হবো, তারাও আমাদের মতো একই লক্ষ্যে খেলবে। কিন্তু আমরা একসঙ্গে হয়ে পতুর্গালকে ঠিক পথে নেওয়ার জন্য লড়বো। চলো করে দেখাই!’
পুরুষ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১১৫টি গোলের মালিক তিনি। পতুর্গালের নেতৃত্বের ভারটাও এই তারকার কাঁধে। যদি তিনি দেশকে বিশ্বকাপে নিয়ে যেতে পারেন, সেটা নিশ্চয়ই ফুটবল-বিশ্বের অন্যতম বড় অর্জন হয়েই থাকবে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপেও খেলা হয়নি। এবারও না হলে টানা দুই বিশ্ব শ্রেষ্ঠত্বের আসরে খেলা হবে না ইতালির। চার বারের বিশ্বকাপজয়ী দলটি সেটা হজম করতে পারবে না, এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক তারকা ফুটবলার ক্যানাভারো। বিশ্বকাপ খেলতে হলে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে ইতালিকে। বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফ সেমিফাইনালে নর্থ মেসেডোনিয়া, ওই ম্যাচ জিতলে ফাইনালে লড়তে হবে পতুর্গাল বা তুরস্কের বিপক্ষে। ইতালি বিশ্বকাপ খেললে বাদ পড়বে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ।
ইতালির বিশ্বকাপ খেলা নিয়ে ক্যানাভারো বলেছেন, ‘আমাদেরও কাতার বিশ্বকাপ খেলার মধ্যে পতুর্গাল সবচেয়ে বড় বাধা। কিন্তু তুরস্কও পার্কে হাঁটতে আসবে না। আর এমনকি পালারমোতে নর্থ মেসেডোনিয়াকেও হারাতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের সুযোগ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফেলে এসেছি। কোনোভাবেই আট বছর বিশ্বকাপ না খেলা ইতালি হজম করতে পারবে না। এটা সবার জন্য হবে বিপর্যয়। মানচিনি খুঁজে বের করবে বিশ্বকাপে যাওয়ার পথ।’
