‘নিজের দায়বদ্ধতা থেকে কাজ করি’

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৮:০০

বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। নিজের ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তি, অভিনয় ভাবনাসহ নানা বিষয় নিয়ে তিনি কথা বললেন ইত্তেফাকের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এ এম রুবেল

বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাই

— নতুন একটি সিনেমার শুটিং করছি। তবে আপাতত সিনেমাটি নিয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না। এছাড়া ‘অন্ত্যেস্টিক্রিয়া’ সিনেমাটির কাজ এ মাসেই শেষ হওয়াও কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘মানুষের বাগান’ সিনেমাটি। বর্তমানে যেহেতু শুধু সিনেমাতেই অভিনয় করছি সেহেতু বেশকিছু কাজের কথাও চলছে।

গল্পনির্ভর সিনেমার বাইরে আপনার দেখা মেলে না। এর কারণ কী?

দেখুন, সিনেমা তো গল্পনির্ভরই হওয়া উচিত। গল্প ছাড়া সিনেমায় কেন কাজ করব! শুরু থেকেই আমি গল্পনির্ভর কাজের বাইরে যাইনি, যেতে চাইও না। আমি আসলে নিজের দায়বদ্ধতা থেকে কাজ করি। শুধু টাকার জন্য কাজ করতে চাই না। একটি কাজ করলাম মানুষ দু-দিন পর মনে রাখলো না, এমন কাজে নিজেকে জড়াতে চাই না।

এ ধরনের কাজ বেশি হওয়ায় হিরো-হিরোইন নির্ভরতা কমছে। এতে আপনাদের কাজের ক্ষেত্র প্রসারিত হচ্ছে কি-না?

না, আমার সেটা মনে হচ্ছে না। যার যেটা কাজ সে সেটা করছে। একেকজনের কাজ একেকরকম হয়। সবাই যেভাবে হিরো-হিরোইনকে ট্রিট করেন আমি সেভাবে করি না। আমার মনে হয় আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করব। তবে গল্পনির্ভর কাজ বেশি হচ্ছে, কারণ দর্শকদের রুচি পরিবর্তনের সঙ্গে মেধাবী নির্মাতা-শিল্পীরা ভালো ভালো কাজ করছেন। এটা ইতিবাচক আমাদের জন্য।

আপনি প্রখ্যাত নির্মাতার সঙ্গে কাজ করেছেন। সিনেমাগুলোও প্রশংসিত হয়েছে। তারপরও ব্যক্তি জ্যোতিকা জ্যোতির অর্জনের পাল্লা অনেকটাই শূন্য মনে হয় না?

না, আমার অর্জন কম হবে কেন! আমার কাছে মনে হয়, আমি এখনও কাজ শুরুই করতে পারি না। এখনও নিজেকে তৈরি করছি। একটি কাজ কোনোরকম করলাম, তাতে পুরস্কার পেলাম। এতে নিজের কাছেই অপরাধী হবো। মনে হবে যোগ্যতা ছাড়াই পুরস্কারটি নিলাম। যখন আমি মনে করব এই কাজটি অনেক ভালো হয়েছে, পুরস্কার পাওয়ার দাবি রাখে তখন সেটা নিতে চাই। তবে দু-একটি কাজ হয়তো আশানুরূপ হয়েছে। কিন্তু পুরস্কার পেলাম কি-না সেটা নিয়ে ভাবি না।

সিনিয়র-জুনিয়রদের সম্পর্ক নিয়ে নানা অভিযোগ শুনি। বিষয়টি নিয়ে কী বলবেন?

সিনিয়র-জুনিয়রদের মাঝে যোগাযোগ একটু কম কোনো কারণে হয়ে গেছে। নতুন ধারা তো সবে শুরু হয়েছে। তাই আমার মনে হয় একটু সময় গেলে ঠিক হয়ে যাবে। কোনো নির্মাতা মেধাবী হলে যাকে দরকার তাকে ঠিক খুঁজে বের করে নেবে। সিনিয়র বলে কোনো নির্মাতা বাদ দেবে এমন হওয়ার কথা না।

ওটিটি নিয়ে আপনার ভাবনা বা পরিকল্পনা কী?

ডিজিটাল সিনেমা যখন এলো তখন অনেকেই নাটক বানিয়ে সিনেমা হিসেবে চালানো শুরু করলো। আবার ওটিটি এলে ধারাবাহিক নাটককে সিরিজ হিসেবে চালিয়ে দেওয়া শুরু হলো। যে কারণে নতুন কিছু এলেই আমি ঝাঁপিয়ে পড়ি না। তবে এখন দেখছি বেশ ভালো কাজ হচ্ছে। সেই জায়গা থেকে ভালো কাজ হলে অবশ্যই আমি অভিনয় করব।

আপনি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। কিন্তু বর্তমানে প্রযোজনার কোনো খবর পাওয়া যাচ্ছে না। এর কারণ কী?

আসলে বেশ কয়েকটি সিনেমার শুটিং চলায় প্রযোজনা থেকে একটু দূরে থাকা হচ্ছে। তারপরও কিছু কাজ হচ্ছে। সেগুলো চূড়ান্ত হলে শিগগিরই জানাবো।

সিনেমা হলে ফিরলেও দর্শক টানতে না পারার জন্য কাকে দায়ী করবেন?

দেখুন, এই দায় শুধু সিনেমা সংশ্লিষ্টদের না। দর্শকদেরও দায় আছে। একটি সিনেমা ভালো, হল ভালো, কিন্তু দর্শক ৫-৬ জন! এমন হলে তো হবে না। সিনেমাটি ভালো না খারাপ সেটা জানতেও তাদের হলে আসা উচিত। তাছাড়া চলচ্চিত্রের একটা খারাপ সময় গেছে। তখন দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে।

ইত্তেফাক/ইউবি