রাজধানীর শুক্রাবাদে তরুণের লাশ উদ্ধার

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৪:০৫

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোরে একটি বহুতল ভবনের সামনে থেকে আকাশ রায় (২৪) নামের ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছেন, ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আকাশ রায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে শুক্রাবাদ এলাকায় একটি চারতলা ভবনে মেসে থাকতেন তিনি।

জানা যায়, নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। তার বাবার নাম রতন রায়, তিনি গাইবান্ধার একটি কলেজের প্রভাষক।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আকাশ রায়কে উদ্ধার করে সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/কেএইচ/এমআর/এসটিএম