ডায়াবেটিসের নতুন কারণ উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীদের

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬:১০

ডায়াবেটিস হওয়ার নতুন একটি কারণ উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের তথ্য তুলে ধরা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সাবেক ফ্যাকাল্টি এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা. মধু এস মালো এই গবেষণায় নেতৃত্ব দেন। ইতোমধ্যে গবেষণার ফল ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডায়াবেটিসের নতুন যে কারণ আবিষ্কার করা হয়েছে, সেটি হলো আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া। আর আইএপি কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। আবিষ্কারের এ বিষয় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বড় ভূমিকা রাখবে।

মূল গবেষক মধু এস মালো বলেন, ৩০ থেকে ৬০ বছর বয়সী ৫৭৪ জন মানুষের ওপর গত ৫ বছর গবেষণা করে ডায়াবেটিসের এই নতুন কারণ সম্পর্কে জানা গেছে। 

বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, এটি একটি যুগান্তকারী আবিষ্কার। ডায়াবেটিস প্রতিরোধে এটি ব্যাপক অবদান রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি। 

ইত্তেফাক/এএএম