'রুশ হামলায় ১২১ শিশু নিহত, আহত ১৬৭'

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬:৫০

রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ জন। ইউক্রেনের প্রসিকিউটর অফিস এই তথ্য জানিয়েছে। বুধবার (২৩ মার্চ) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের প্রসিকিউটর অফিসের তথ্য অনুসারে, রাশিয়ার হামলায় ইউক্রেনে সর্বশেষ নিহত শিশুদের মধ্যে রয়েছে একজন ৯ বছরের মেয়ে এবং ১৪ বছরের ছেলে। এই দুইজনেই পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন। 

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ২২০টির বেশি স্কুল এবং ১৫৫টি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্থ হয়েছে। 

তবে আল জাজিরার পক্ষ থেকে ইউক্রেনের এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বুধবার (২৩ মার্চ) পর্যন্ত টানা ২৮ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে চরম লড়াই। 

ইত্তেফাক/এসআর