পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট নিয়ে দেশটির রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। এ নিয়ে তুমুল চাপের মধ্যে আছেন ইমরান খান। সেই চাপ আরও বেড়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ক্ষমতাসীন জোটের বড় তিনটি দল বিরোধী শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে পাক সংবাদ মাধ্যম জিও নিউজ বলেছে, ক্ষমতাসীন জোটের তিনটি দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ (পিএমএল-কিউ) এবং বালুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) বিরোধী শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই তিনটি দল খুব শিগগিরই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটে যোগ দেওয়ার প্রকাশ্য ঘোষণা দেবে।
এর আগে দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রায় ২৪ জন আইনপ্রণেতা অনাস্থা ভোটে ইমরানের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবটির ওপর ভোট হতে পারে।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে ইমরান খানকে অন্তত ১৭২ জন এমপির সমর্থন পেতে হবে। এর মধ্যে তেহরিক-ই-ইনসাফ দলের আসন সংখ্যা ১৫৫, তার সঙ্গে আরও আছে তার কোয়ালিশন অংশীদারদের সমর্থন।
অন্যদিকে নওয়াজ শরিফের মুসলিম লিগ সহ পাকিস্তানের বিরোধীদলগুলোর মোট আসন সংখ্যা হচ্ছে ১৬৩।
