বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা সবাই কিন্তু ভোটারদের কাছে ঋণী। যারা আপনাকে ভোট দিয়েছে তাদের কাছে আপনাদের জবাবদিহিতা রয়েছে। তাদের প্রতি দায়িত্ব রয়েছে। একটি ওয়ার্ড অথবা নিজ নিজ এলাকাকে যদি আদর্শ হিসেবে গড়ে তুলতে পারেন তবেই ভোটারদের প্রতি দায়িত্ব পালন করা হবে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে শিবচর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় নুর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে শিবচর উপজেলার নবনির্বাচিত ১৯টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, আমরা সবাই কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি। আমি আপনাদের ভোটে এমপি হয়েছি। কেউ মন্ত্রী, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার হয়েছে।
এসময় বিশেষ অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী। উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতাহার, উপজেলার পরিষদ মহিলা ভাই চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিরা।
এদিন চিফ হুইপ দত্তপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন, শিবচর উপজেলা ভূমি অফিসের নবনির্মিত ভবন, প্রভাতি কিন্ডার গার্টেন, উপজেলা কম্পাউন্ড বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। সন্ধ্যায় চিফ হুইপ উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন।

