ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৪:০৭

ছাদ থেকে লাফিয়ে পড়ে আকাশ রায় (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে চার তলা থেকে লাফিয়ে পড়ার কথা বলা হলেও তার শরীরে তেমন কোনো ইনজুরি নেই। প্রাথমিকভাবে এই মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ।

আকাশ ড্যাফোডিল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্র। গতকাল বুধবার সকাল পৌনে ৭টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আকাশ রায়ের বন্ধু পঙ্কজ রায় বলেন, আকাশ ভোরে বাসার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। কী কারণে ছাদ থেকে লাফ দিয়েছে বলতে পারছি না। তিনি বলেন, আমরা ধানমন্ডি থানাধীন শুক্রাবাদ এলাকার ৮/এ বাসায় থাকি। আকাশের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার চতরা গ্রামে। সে ঐ এলাকার রতন রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

তিনি আরো বলেন, চারতলা থেকে লাফ দিলে শরীরে বড় ধরনের ইনজুরি থাকার কথা। কিন্তু সেরকম কোনো ইনজুরি পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে।

ইত্তেফাক/এমএএম