লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনের আমৃত্যু কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৩ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বশির রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি রামগতি উপজেলার দক্ষিণ টুমচর আদর্শ গ্রামে মমতাজ বেগমকে তার স্বামী কুপিয়ে হত্যা করে। পরে পার্শ্ববর্তী সয়াবিনখেতে লাশ ফেলে রাখা হয়। পরের দিন নিহতের ভাই মো. জসীম বাদী হয়ে মমতাজের স্বামী বশিরকে আসামি করে রামগতি থানায় মামলা করেন।
