বাংলাদেশে প্রতি তিনজনের একজন লিভার রোগে আক্রান্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৪৩

বাংলাদেশে প্রতি তিনজনের একজন লিভার রোগে আক্রান্ত বলে জানিয়েছেন হেপাটোলজি সোসাইটি আয়োজিত ৫ম আন্তর্জাতিক লিভার সম্মেলনে অংশগ্রহণকারী লিভার বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক লিভার সম্মেলনে এই তথ্য জানানো হয়।

অধ্যাপক মবিন খানের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা যায়, উন্নত বিশ্বের মত বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে লিভার রোগের প্রাদুর্ভাবেরও বিবর্তন হচ্ছে। আমরা লিভার সংক্রান্ত সংক্রামক ব্যাধির প্রবণতা থেকে অসংক্রামক ব্যাধির উচ্চ প্রাদুর্ভাবে বিবর্তিত হচ্ছি। বর্তমানে উভয় প্রকার লিভার রোগের প্রবণতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। 

গবেষণায় আরো দেখা যায়, বাংলাদেশে ১ কোটি ক্রনিক হেপাটাইটিস এবং সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত; অর্থাৎ প্রতি ৩ জনে ১ জন কোন না কোনভাবে লিভার রোগে আক্রান্ত। 

আরো পড়ুন: অর্থমন্ত্রীকে নিয়ে দুই প্রতিদ্বন্দ্বীর বৈঠক, সিলেট জুড়ে আলোচনা

অধ্যাপক মবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আন্তর্জাতিক লিভার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) এম এ মালিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক মো. নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যাপক আবু সাইদ, ডা. শাহিনুল আলম, ডা. গোলাম মোস্তফা, ডা. গোলাম আজম ও ডা. মোতাহার হোসেন।

আরো পড়ুন: ইসলাম গ্রহণ করে রানী হলেন রাশিয়ান মডেল

আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়ার অধ্যাপক কুমার বিশ্বনাথান, ফ্রান্সের লিভার বিশেষজ্ঞ রেলোকা পাইস, সিঙ্গাপুরের লিভার বিশেষজ্ঞ প্রফেসর লিম সিং, যুক্তরাজ্যের প্রফেসর ইমানোয়েল সোসাজ্জীস, প্রফেসর অনীল ধাওয়ান, ডা. অনীতা ভার্মা, ডা. অনীতা ব্যানার্জী, জাপানের হীরানাও অকোবো এবং ভারতের প্রফেসর নাগেশ্বর রেড্ডি ও মিশরের অধ্যাপক আব্দুল ওয়াহাব আলী। 

ইত্তেফাক/জেডএইচ