‘এটাই তোর আইপিএল’, তাসকিনকে তামিম

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১:৪৭

গতকালের ম্যাচে তাসকিন আহমেদের বোলিং ফিগার এতক্ষণে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা! ৯-০-৩৫-৫। প্রথমবারের মতো সিরিজ সেরাও তাসকিন। সিরিজ নির্ধারণী ম্যাচে সেঞ্চুরিয়নে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে একাই গুড়িয়ে দিয়েছেন মিরপুর এক্সপ্রেস। অথচ এই ম্যাচে নামার আগে তার ওপর বয়ে গেছে কতো বড় ঝড়?

বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দরজা খুলেছিল তার জন্য। আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ থেকে তার জন্য এসেছিল প্রস্তাব। ২৬ মার্চ থেকে আইপিএলের পর্দা উঠবে। তাসকিন যদি আইপিএলের প্রস্তাব লুফে নিতেন তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ও ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ খেলা হতো না তার।

কিন্তু দেশকে প্রতিনিধত্ব করার তাড়নায় তাসকিন সেই প্রস্তাব ফিরিয়ে দেন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেই ডানহাতি পেসার ফিরবেন দেশে। আইপিএলে অর্থের ঝনঝনানি। দুইটি টেস্ট খেলার চেয়ে অনেক অর্থ পেতেন। ভালো খেললে ভবিষ্যতে আরও দাম বাড়ত তার। নানামুখী সুযোগও তৈরি হতো। কিন্তু সেদিকে না গিয়ে তাসকিন বেছে নিয়েছেন লাল-সুবজের জার্সি।

বুধবার ম্যাচজয়ী বোলিংয়ের সঙ্গে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তাসকিনের হাতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকেও পেলেন বড়সড় অভিবাদন। আইপিএলের চেয়েও পুরস্কার দুটোর মূল্য অনেক বেশই জানিয়ে তামিম তাসকিনকে বলেছেন, ‘সে খুশি, দেশের জন্য খেলেছে। সে যখন পুরস্কার বিতরণীতে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেল, আমি ওকে বলেছি, “এটাই তোর আইপিএল। এটা আইপিএলের চেয়েও বড়।” সে আমার সঙ্গে একমত হয়েছে।’ 

দেশের হয়ে খেলার মতো কিছু নেই জানিয়ে সংবাদ সম্মেলনে তামিম আরও বলেন, ‘দেশের হয়ে খেলার মতো বড় কিছু নেই। কোনো কিছুই আপনাকে এর চেয়ে বেশি অনুপ্রেরণা জোগাতে পারবে না। তাসকিন আইপিএলে খেলার দারুণ একটা সুযোগ পেয়েছিল। সে তরুণ, ওর জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল। আপনি সাধারণত এমন সুযোগ হারাতে চাইবেন না।’ 

নিজের পারফরম্যান্সে গর্বিত তাসকিন নিজেও। ম্যাচশেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘আমি খুব খুশি ও গর্বিত অনুভব করছি। দক্ষিণ আফ্রিকায় আমরা প্রথম সিরিজ জিতলাম। এই প্রথম আমি আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যান অব দ্য সিরিজ হলাম। আমি খুব গর্বিত ও খুশি।’

ইত্তেফাক/এসজেড