মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে বুধবার (২৩ মার্চ) দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ৮৪ বছর বয়সী অলব্রাইট ক্যান্সারে ভুগছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন অলব্রাইট। ক্লিনটনের পররাষ্ট্রমন্ত্রী (১৯৯৭-২০০১) হিসেবে দায়িত্ব পালনের আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতও ছিলেন তিনি।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগে নিউ ইয়র্ক টাইমসে লেখা নিবন্ধে অলব্রাইট বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালালে সেটা হবে তাঁর ‘ঐতিহাসিক ভুল’।
১৯৩৭ সালে সাবেক চেকোশ্লভাকিয়ায় জন্মগ্রহণ করেন মেডেলিন অলব্রাইট। তার বাবা জোসেফ করবেল চেক কূটনীতিক ছিলেন। তিনি ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। একই বছর বিয়ে করেন জোসেফ অলব্রাইটকে।
১৯৮৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের তিন সন্তানের মধ্যে অ্যান ও অ্যালিস যমজ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অলব্রাইটের নানা পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হলো, ১৯৯৯ সালে সার্বিয়ার নেতা স্লোবদান মিলোচোভিচের কসোভোতে জাতিগত মুসলিম নিধন ঠেকাতে বিল ক্লিনটনকে হস্তক্ষেপ করানো।
