মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও সহকারী নিহত

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১২:১১

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুরে বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি চলন্ত ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে শাহাদত হোসেন (৪৫) ও তার সহকারী একই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)।

স্থানীয়রা জানান, প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝায় একটি ট্রাকের চাকার বিয়ারিং ভেঙ্গে বিকল হয়ে রাত থেকেই রাস্তার পাশে পড়ে ছিলো। সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা থেকে আসা মেহেরপুরগামী ভাই ভাই মোটর্স এর একটি দ্রুতগামী ট্রাক এসে বিকল ট্রাকটির পেছনে ধাক্কা লাগে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভিতরে থাকা গাড়ির চালক ও চালকের সহকারী আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বারাদী পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/এমআর