ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে কোথাও কোথাও।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মিয়ানমার উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি স্থলভাগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে মিয়ানমার ভূখণ্ডে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, কিশোরগঞ্জ অঞ্চলসহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ঢাকা, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জানিয়ে নাজমুল হক বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনে দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৯ টা থেকে আগের ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৬ দশমিক ৫ ডিগ্রি ও ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
