মিত্রদের সাথে বৈঠক করতে স্থানীয় সময় বুধবার (২৪ মার্চ) ব্রাসেলস পৌঁছেছেন বাইডেন। ইউরোপীয় ইউনিয়ন, জি ৭ এবং ন্যাটো মিত্রদের সাথে এখানে তিনি বৈঠক করবেন। ‘ইউক্রেনে রুশ হামলা’ এটি হবে আলোচনার মুখ্য বিষয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি ইউরোপীয় ইউনিয়ন, জি ৭ এবং ন্যাটো মিত্রদের সাথে বৈঠক করবেন এবং মস্কোর বিরুদ্ধে ঐক্য আরও জোরদারের চেষ্টা চালাবেন। এরপর শুক্র ও শনিবার বাইডেন ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফর করবেন।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে এবং কোন রকম ফাঁক-ফোকর না রেখে, কঠোরভাবে সেগুলোর প্রয়োগ নিশ্চিত করতে, বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোকে আরও কঠিন করতে, সহযোগী দেশগুলোর সঙ্গে কাজ করবেন।
বুধবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ “আমাদের নিরাপত্তার জন্য একটি নতুন হুমকি” এবং জোট নেতারা বৃহস্পতিবারের ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রতি আরও সমর্থন ঘোষণা করতে পারেন।
