১৪ ঘণ্টায় আইসিডিডিআরবি হাসপাতালে ৬৩০ ডায়রিয়া রোগী ভর্তি

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:৪৪

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ২টা পর্যন্ত গত ১৪ ঘণ্টায় মোট ৬৩০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। 

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ বলছে, গত ১ সপ্তাহ ধরেই ডায়রিয়ার এই প্রকোপ চলছে। 

এদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালের প্রধান বাহারুল আলম ডায়রিয়া থেকে নিরাপদে থাকার জন্য বিশুদ্ধ পানি খাওয়ার পাশাপাশি রাস্তার পাশের খাবার খাওয়া বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি জানান, সাধারণত প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ডায়রিয়া রোগী এখানে চিকিৎসা নিতে আসেন, যা বর্ষাকালের আগে কিছুটা বাড়ে এবং এপ্রিলের শেষ সপ্তাহে শীর্ষে পৌঁছায়। কিন্তু এ বছর মার্চের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে ৫০০ রোগী ভর্তি হয়েছেন, যা দ্বিতীয় সপ্তাহে বেড়ে ৬০০'তে দাঁড়ায়। 

গত ১৭ মার্চ থেকে দৈনিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, আইসিডিডিআরবির দেওয়া হিসাব অনুসারে গতকাল বুধবার পর্যন্ত ১ সপ্তাহে মহাখালী হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮ হাজার ১৫২ জন।

ইত্তেফাক/এএএম