জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ কিংবা বর্তমান ক্যাম্পাসে অনুষ্ঠিত হত। তবে পরবর্তী সব ক্রীড়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে ৪র্থ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জবি উপাচার্য বলেন, অনেকদিন পর শিক্ষার্থীরা খেলার মাঠে ফিরে আসায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। এবারের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টটি বর্তমান ক্যম্পাসে ক্রীড়া প্রতিযোগিতার শেষ আয়োজন। আগামীতে সব প্রতিযোগিতা কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, নতুন ক্যাম্পাসে খেলাধুলা করার অবকাঠামো ইতোমধ্যেই তৈরি হয়েছে। শিক্ষার্থীদের বসার জন্য অস্থায়ীভাবে গ্যালারি এবং শিক্ষকদের বসার জন্য রুমের কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের বাসেই শিক্ষার্থীরা খেলার মাঠে যাতায়াত করবে। খেলা শেষে বাসে করেই ফিরে আসবে। আশা করি সেখানে আরও সুন্দরভাবে আমরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হবে।
কোষাধ্যক্ষ ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হচ্ছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল হচ্ছে। ক্রীড়া প্রতিযোগিতাসহ সব ইতিবাচক কাজে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। আমাদের শিক্ষার্থী সাহিদুল ইসলাম জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান প্রমুখ।
