বিশ্ব সঙ্গীত কেন্দ্রের দশ বছর পূর্তি উদযাপিত হবে আগামী ২৭ মার্চ

আপডেট : ২৪ মার্চ ২০২২, ২৩:৪৬

বিশ্ব সঙ্গীত কেন্দ্রের দশ বছর পূর্তিতে 'বিশ্ব প্রাণে বাংলার সুর'- এই মন্ত্রকে ধারণ করে আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্চুয়াল সম্মেলন। এই আয়োজনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ মার্চ) প্যারিসের রাজধানী রোমের স্থানীয় একটি হলরুমে আয়োজন করা হয় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভার। 

এ সময় বিশ্ব সঙ্গীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক সমন্বয়ক বাংলাদেশ বেতারের সঙ্গীতশিল্পী জাকারিয়া কাজী বলেন, বিশ্ব সঙ্গীত কেন্দ্রের দশ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণটি অত্যন্ত বর্ণাঢ্যভাবে একটি মহা সম্মেলনের রূপ দেওয়ার ইচ্ছা থাকলেও করোনার পরিস্থিতি বিবেচনায় তা সম্ভব হলো না। তবে আগামীতে বড় পরিসরে বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে একটি মহাসম্মেলনের আয়োজন করা হবে।

দশ বছরে পদার্পণে এই সংগঠনটি এবার নয় জন বিশিষ্ট ও খ্যাতিমান শিল্পীদের  বিশেষ সম্মাননা প্রদান করবে। তারা হলেন কবি নির্মলেন্দু গুণ ( বাংলাদেশ), স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা  শহিদ হাসান, লোক সঙ্গীত শিল্পী  গীতা চৌধুরী ( ভারত), সঙ্গীত শিল্পী  বুলবুল মহলানবীশ শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের  শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং একুশের পদক প্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী শাহীন সামাদ, সঙ্গীত শিল্পী   তিমির নন্দী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, ভারতের লোক সঙ্গীত শিল্পী  ভাস্কর রায় ও সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, এবং ইতালির যন্ত্র শিল্পী ইগর ওরিফিচি।

সভায় সংগঠনের যুগ্ম-আহ্বায়ক অনুপ কুমার সরকার বলেন, বাংলা ভাষাভাষী গুণী শিল্পীদের নিয়ে বিশ্ব সঙ্গীত কেন্দ্রের এই যাত্রার মূল উদ্দেশ্যই হলো, প্রিয় বাংলা ভাষায় ও সুরে গানের চর্চা। সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট সবটুকুই বিশ্ব সঙ্গীত কেন্দ্রের অস্থি-মজ্জা।"

আগামী ২৭ মার্চের এই ভার্চুয়াল সম্মেলনে যারা শ্রোতা হিসাবে অংশগ্রহণ করতে চান তারা জুম লিঙ্কে প্রবেশ করে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুম লিঙ্ক দেওয়া হবে বলে জানান বিশ্ব সঙ্গীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক সমন্বয়ক জাকারিয়া কাজী।

ইত্তেফাক/জেডএইচডি