শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামাত জোট দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এরা আগুন সন্ত্রাসী, এরা যুদ্ধাপরাধী এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় মোহনগঞ্জে প্রত্যন্ত হাওর এলাকায় প্রতিষ্ঠিত আদর্শনগর মহাবিদ্যালয়ে মাঠে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন এবং বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন শীর্ষক বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞান শিক্ষার দিকে জোর দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে। সকল ক্ষেত্রে আমরা অন্যান্য দেশের চেয়ে এগিয়ে আছি। তিনি বলেন, কৃষি, শিক্ষায় আমরা অগ্রগতি লাভ করেছি। আমাদের বিদ্যালয় গুলোতে এমন পাঠদান করতে হবে, যাতে শিক্ষার্থীরা বেকার না থাকে, কর্মসংস্থান সৃষ্টি হয়। আমরা এমন শিক্ষা চাই, যে শিক্ষায় আনন্দ থাকবে। প্রতিদিন হাতে কলমে শিখবো, আমরা সেই শিক্ষাই চাই। আমরা বই পড়ে পড়ে শিখবো, তা হলেই আমাদের শিক্ষার মান সঠিকভাবে অর্জিত হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু প্রথমেই দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। প্রাথমিক বিদ্যালয় গুলোকে সরকারি করন করেছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু সবকিছু করতে পারেননি। তার আগেই তাকে ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা শুধু বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করবো না, এই মহান নেতার আদর্শকেও লালন করবো। বঙ্গবন্ধু ছিলেন এক দূরদর্শী মানব।
মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, রেবেকা মমিন এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংস রায়, নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিকউল্লাহ খান এবং কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান এবং কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকার প্রমুখ। এর আগে শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন এবং মহাবিদ্যালয়ের চারটি অবকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
