বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা সমাজসেবা অফিসের এক সরকারি কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে গাংনীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকারীদের আটক করতে এবং হত্যার কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
পুলিশ জানায়, নিহত নাঈম খান (২৯) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। নাঈমের স্ত্রী এবং দুই ছেলেমেয়ে রয়েছে। তিনি মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈমসহ ৪ জন মিলে বাড়ির কাছে রাস্তার পাশে একটি দোকানে বসে লুডু খেলছিলেন। হঠাৎ নাঈমের মোবাইলে কল এলে দোকান থেকে বের হয়ে রাস্তায় কথা বলতে যান। এর কিছু সময় পর চিৎকার শুনে তার সঙ্গীরা ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় নাঈম পড়ে রয়েছেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, সন্ত্রাসীরা নাঈমকে গলা কেটে এবং এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। হত্যাকারীদের গ্রেফতার ও কারণ উদঘাটন করতে পুলিশ চেষ্টা চলছে।
