যশোরের চৌগাছায় দুই মাসের পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে প্রাইভেটকার চালক ওয়াসিম ওরফে রুবেলকে (২২) গ্রেফতার করছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের বাসিন্দা। ভিকটিম একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। ভিকটিমের মা চৌগাছা থানায় বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তের নামে মামলা করেছেন।
বাদির অভিযোগ, দুইমাস আগে ওয়াসিম ওরফে রুবেলের প্রাইভেটকার ভাড়া করে বাদির বাড়িতে আসে বড় মেয়ে। তখন ভিকটিমের সঙ্গে রুবেলের পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রুবেল। সর্বশেষ গত ২০ মার্চ চৌগাছা উপজেলার জামিরা গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যায় ভিকটিম। তার সঙ্গে যোগাযোগ করে ওয়াসিম ওরফে রুবেলও সেখানে যায়। তখন বাড়িতে লোকজন না থাকার সুযোগে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে আবারও ধর্ষণ করে। এরপর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় রুবেল। পরবর্তীতে ভিকটিম সকল ঘটনা বাদিকে জানায়। বাদি রুবেলের বাবা ও মাকে জানানোর চেষ্টা করলে ভয়ভীতি প্রদান করে। ওয়াসিম ওরফে রুবেল ভিকটিমের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তার সঙ্গে প্রেম-ভালোবাসার সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করা হয়। তার বিরুদ্ধে মেয়েটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
