দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার-২০২২ প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
পরে পৃথক অনুষ্ঠানে সেই পুরস্কারের মেডেল ও সনদ এই মন্ত্রণালয়ের মন্ত্রী ও সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এই গৌরবদীপ্ত অর্জনের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে তার দূরদর্শী নেতৃত্ব ও নীতি-কৌশলের কারণে। তিনি ঘোষণা দিয়েছিলেন, মুজিববর্ষে প্রতিটি ঘরকে আলোকিত করবেন।
