সাভারের আশুলিয়ায় একটি টিনসেড শ্রমিক কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ সরকারি প্রাইমারি স্কুলের পাশে নুর নবীর মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এসময় আগুন ওই কলোনির ২৪টি কক্ষ ও ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে প্রথমে টিনসেড বাড়িটির একটি কক্ষে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ওই কলোনির ২৪টি কক্ষ এবং ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান রাজিব জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে রান্না ঘরের আগুন থেকে ওই কলোনিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
