শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিবসটি উদযাপন করা হয়।
এদিন ভোরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা, সম্মাননা প্রদান ও শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে এবার সম্মাননা প্রদান করা হয় শান্ত নিবাসের প্রজেক্ট ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) নাসির উদ্দিনকে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহার, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট এন্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, উপদেষ্টা স্থপতি হোসনে আরা রহমান ও গভর্মেন্ট অ্যান্ড পলিটিকস্ বিভাগের প্রধান অধ্যাপক ড. ইয়াসমীন আহমেদ ও ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্ট্যাডিজের ডিন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হালিম শেখ ও জনসংযোগ পরিচালক সঙ্গীত শিল্পী লিলি ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে মনোজ্ঞ দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শান্ত-মারিয়াম একাডেমি ও বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের শিক্ষার্থীরা।
