মির্জাপুরে মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:৫৪

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ মার্চ) এ অভিযান চালানো হয়। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলো, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহ গ্রামরে আহাদ আলীর ছেলে ইকবাল হোসেন (২৬), একই জেলার মুড়ামুড়ি গ্রামের বাসুদেব দাসের ছেলে কাজল দাস (২২) এবং কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামের তোফায়েল আহমেদ এর ছেলে মোশারফ হোসেন (৩৫)।     

মির্জাপুর থানার এসআই মো. আবুল বাশার মোল্লা ও এসআই মো. নাসিরুজ্জামন জানান, গত ২৩ মার্চ শকিরুল ইসলাম ও কাজী আবির হাসান নামে দুই জন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। মামলার সূত্র ধরে পুলিশ মোটরসাইকেল উদ্ধারে অভিযানে নামে।  শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড এলাকার সরাইল নামক স্থানে অভিযান চালিয়ে চোরাই একটি পালসার মোটরসাইকেলসহ প্রথমে ইকবালকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি সুজুকি এবং একটি এপাসি জব্দ করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজল দাস ও মোশারফ নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চোর চক্রের সক্রীয় সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে।  

ওসি বলেন,  ‘মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে মির্জাপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হয়েছে।’

ইত্তেফাক/এআই