বিএনপি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১:৪৬

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকারের নানা পদক্ষেপের ফলে তেলসহ অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে। কিন্তু এটিকে পুঁজি করে বিএনপি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

রবিবার (২৭ মার্চ) সকালে ঢাকার খিলগাঁওয়ে শেখ রাসেল খেলার মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের খিলগাঁও থানার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সৎ ও নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত। এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যেমন অত্যন্ত গর্বের, তেমনি এ দেশের জন্যও অহংকারের । গত ১৩ বছর ধরে একটানা তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে সব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখা ও তা গতিশীল করতে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এজন্য সৎ, নিষ্ঠাবান  ও মেধাবীদের দলের নেতৃত্বে আনতে হবে।

বিনা কারণে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে- তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারের নানা পদক্ষেপের ফলে ইতোমধ্যে তেলসহ অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে। কিন্তু দ্রব্যমূল্যের দামকে পুঁজি করে বিএনপি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা অহেতুক আন্দোলন করে আবার গাড়িতে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে মারা, রেললাইন তুলে নেওয়ার পায়তারা করছে। এ বিষয়ে নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও খিলগাঁও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন মজুমদার ।

ইত্তেফাক/ইউবি