ত্রিশালে স্কুলের পাশে ইটভাটা স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:৪৮

ময়মনসিংহের ত্রিশালে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের অদূরে গড়ে উঠা দুটি ইটভাটায় পোড়ানো হচ্ছে ইট। ইটভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে স্কুল দুটির কোমলমতি শিক্ষার্থীরা। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈলর ইউনিয়নের ১৭ নম্বর দেওয়ানীয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দেওয়ানীয়া বাড়ি মর্ডাণ ব্রিক্স ও ১২২ নম্বর কানহর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভাই ভাই ব্রিক্স নামে ইটভাটা দুটিতে পোড়ানো হচ্ছে কাঁচা ইট। 

উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ইটভাটার কালো ধোঁয়া থেকে রক্ষা পেতে অনেক সময় স্কুল চলাকালীন আমাদের দরজা-জানালা বন্ধ করে ছাত্রছাত্রীদের পড়াতে হয়। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন (ভারপ্রাপ্ত) এই বিষয়ে বলেন, উক্ত দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি কোনো প্রকার অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে আমি অবগত নই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। 
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ফরিদ আহমেদ বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে। অচিরেই অভিযান পরিচালনা করার জন্য আমরা ত্রিশালে একটি টিম পাঠাব। 

ইত্তেফাক/এআই