শরীয়তপুর-চাঁদপুর নৌপথ 

নরসিংহপুর ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ জট

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৩:৩০

বৈরী আবহাওয়া ও ফেরিস্বল্পতায় ব্যাহত হচ্ছে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে যানবাহন পারাপার। দেখা দিয়েছে দীর্ঘ যানজট। রবিবার নির্ধারিত টার্মিনাল পূর্ণ হয়েও নরসিংহপুর ফেরিঘাট থেকে খায়েরপট্টি পর্যন্ত সড়কে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে কয়েকশ যানবাহন। 

ফরিদপুর থেকে পেঁয়াজ নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে শুক্রবার থেকে ঘাটে আটকে আছেন ট্রাকচালক মনির হোসেন জানান, গত শুক্রবার রাতে চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ফেরিঘাটে এসে আটকে আছি। কখন ফেরিতে উঠতে পারব তাও নিশ্চিত করে বলতে পারছি না। এদিকে তীব্র গরমে পেঁয়াজে পচন শুরু হয়েছে।

ফেরি করবীর মাস্টার ইমরান হোসেন জানান, শুক্রবার থেকে মাঝনদীতে তীব্র বাতাসের কারণে নদী পারাপারে অন্তত ২০ মিনিট সময় বেশি লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। এ ছাড়া একটি ফেরি বিকল থাকায় যানবাহন পারাপারে কিছুটা সমস্যা হচ্ছে। 

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, এক সপ্তাহ ধরে এই নৌপথে যানবাহনের চাপ বেড়েছে। তাছাড়া হঠাত্ করে ফেরি কস্তুরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের জন্য ডকে পাঠানো হয়েছে। বৈরী আবহাওয়ার কারণেও ফেরি পারাপারে সময় বেশি লাগছে। সব মিলিয়ে ঘাটে জটের সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/ ইআ