সংস্পর্শে থাকা কর্মীর করোনা শনাক্ত, কোয়ারেন্টিনে সু চি

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫:৩২

আটককৃত মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি জান্তা আদালতে চলমান বিচারে তিন দিন উপস্থিত হননি। জানা গেছে, তার কয়েকজন কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ কারণে বর্তমানে কোয়ারেন্টিনে আছেন সু চি। সোমবার (২৮ মার্চ) একটি সূত্র তথ্যটি জানিয়েছে।

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় দেশটির সেনাবাহিনী। আটক করা হয় অং সান সু চি সহ দেশটির রাজনীতিবিদ ও কর্মীদের। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সু চির সাজা ১৫০ বছরের অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সু চির বিরুদ্ধে কথিত দুর্নীতি, মিয়ানমারের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন এবং নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার অভিযোগে বিচার চলছে। কিন্তু গত ২৪ মার্চ থেকে আদালতে হাজির হননি এই নেত্রী। এএফপিকে তথ্যটি জানিয়েছে আইনি সূত্র।

বলা হয়েছে, তার সংস্পর্শে থাকা কিছু লোক করোনা সংক্রমিত হয়েছে। এ কারণে সু চি এখন কোয়ারেন্টিনে আছেন। তবে তিনি ভাইরাসটিতে আক্রান্ত হননি।

ইত্তেফাক/টিএ