দুবলারচরে হরিণের মাংসসহ ট্রলার জব্দ

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৭:৫৭

সুন্দরবনে শিকারিদের কবল থেকে হরিণের মাংসসহ একটি ট্রলার জব্দ করেছে বনবিভাগের স্মার্ট টিম। সোমবার (২৮ মার্চ) সকালে দুবলারচরের নীলবাড়ীয়ায় বনবিভাগের অভিযানকালে হরিণের মাংসসহ ট্রলারটি জব্দ করা হয়েছে। জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম-২-এর টিম লিডার শরণখোলা ষ্টেশন কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার সকালে দুবলারচর এলাকায়  নিয়মিত টহলকালে নীলবাড়ীয়া খালে একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামাতে বলে। ট্রলারটি সুন্দরবনের কিনারে ভিড়িয়ে  ট্রলারে থাকা আরোহীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ট্রলারটিকে জব্দ করে তল্লাশি চালিয়ে চামড়াসহ আট কেজি পরিমাণ হরিণের মাংস উদ্ধার করে। 

ফরেস্টার নজরুল ইসলাম জানান, জব্দকৃত ট্রলার ও মাংস জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে। এ বিষয় বিধিমতে একটি বন মামলা রেকর্ড করে উদ্ধারকৃত মাংস কেরোসিন দিয়ে দুবলারচরের বনে মাটি চাপা দেওয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

ইত্তেফাক/এআই