হঠাৎ ৫ শতাধিক বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৮:০৮

হঠাৎ করেই ৫৪০ বন্দিকে মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে ৫৪০ জন কয়েদিকে সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে।

আমিরাতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ওয়ামের বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, কয়েদিরা যেন পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র রমজান পালন করতে পারে ও নিজেদের ভবিষ্যতের কথা ভেবে সুপথে ফিরে আসে, এই বিবেচনাতেই প্রেসিডেন্ট তাদের ক্ষমা করেছেন।

দেশের বিভিন্ন কারাগারে ক্ষমাপ্রাপ্ত বন্দিরা বিভিন্ন অপরাধের জন্য সাজা ভোগ করছিল। শেখ খলিফা আর্থিক দণ্ড থেকেও এসব বন্দিকে ক্ষমা করে দিয়েছেন।

খলিফার বিশেষ ক্ষমায় এই বন্দি মুক্তি দিয়ে থাকে দেশটি। ক্ষমাপ্রাপ্ত বন্দিরা জেল অভিজ্ঞতা থেকে নতুন জীবন শুরু করবেন। সুনাগরিক হিসেবে পরিবার ও সমাজে ফিরে যাবেন। এ জন্যই তাঁদের মুক্তি দেওয়া হয়।

প্রতিবছর ধর্মীয় উৎসবগুলোতে দেশটির শাসক এ রকম বিভিন্ন মেয়াদের সাজা  মুক্তি ও আর্থিক সাজাও মাফ করে দেন। গত বছর শেখ খলিফার নির্দেশে ভালো আচরণের জন্য এক হাজারের বেশি বন্দিকে মুক্ত করা হয়।

ইত্তেফাক/এএইচপি