‘পাকিস্তানের জেনারেলদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি খুশি হবে’ 

আপডেট : ২৮ মার্চ ২০২২, ২০:১৩

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কোনো শক্তিই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। কারণ আওয়ামী লীগের ভিত্তি ও শেকড় এদেশের মাটি ও মানুষের সঙ্গে। জনগণই বার বার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

সোমবার বিকেলে আশুলিয়ার বিএনসিসি মাঠে আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কৃষিমন্ত্রী এ সব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, পাকিস্তানের জেনারেলদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি খুশি হবে। কিন্তু আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই বাংলাদেশে নির্বাচন হবে। যথাসময়ে নির্বাচন হবে, কেউ বানচাল করতে পারবে না।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের মূলশক্তি হলো তৃণমূলের কর্মীরা। সম্মেলনের মাধ্যমে  ওয়ার্ড, ইউনিয়ন, থানাসহ বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতা নির্বাচিত হবে। আমরা এমন সভাপতি, সাধারণ সম্পাদক করতে চাই-যারা হবেন আদর্শবান, সৎ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামসুন নাহার চাঁপা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ এমপি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

 

ইত্তেফাক/ইউবি