রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনের শান্তি মধ্যস্থতাকারীদের সম্ভবত বিষপ্রয়োগ করা হয়েছে। সম্ভবত মস্কোর কট্টরপন্থীরা শান্তি আলোচনাকে ভেস্তে দিতে এই হামলা চালিয়েছে। এই ঘটনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে সোমবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এদিকে বিবিসি বলছে, রোমান আব্রামোভিচের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে এই মাসের শুরুতে তার শরীরে সন্দেহজনক বিষক্রিয়ার লক্ষণ ছিল।
সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চলতি মাসের শুরুর দিকে কিয়েভে শান্তি আলোচনার পর আব্রামোভিচ এবং ইউক্রেনের অন্তত দুইজন সিনিয়র আলোচকের শরীরের মধ্যে নানা লক্ষণ দেখা দেয়। এর মধ্যে ছিল চোখ লাল, অনাবরত চোখ দিয়ে জল পড়া ও জ্বালা, মুখে ও হাতে ফসকা পড়া।
ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়েছে, কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। তবে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনাকে ভেস্তে দিতে মস্কো কট্টরপন্থীরা এই হামলা চালাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে, তবে আব্রামোভিচ ও অন্যান্য আলোচকদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাদের জীবন আর ঝুঁকির মধ্যে নেই।
ইউক্রেনে যুদ্ধ বন্ধে সহায়তা করতে আলোচনার জন্য আব্রামোভিচ এক ইউক্রেনীয় ডাকে বৈঠক করতে কিয়েভে আসেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আল জাজিরা, বিবিসি, এনডিটিভি।
