সড়কে ঝরলো ১২ প্রাণ

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০৩:০৩

দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ তিন জন নিহত হয়েছে। ফেনীতে রাস্তার কাজ করার সময় ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত হয়েছে। এছাড়া জয়পুরহাটের পাঁচবিবি, বান্দরবানের লামা, ময়মনসিংহের নান্দাইল এবং চট্টগ্রামের বাঁশখালীতে একজন করে নিহত হয়েছে।

ঘিওর (মানিকগঞ্জ): গতকাল সকাল ১০টার দিকে উপজেলার মিতরা ও জাগীর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মহাসড়কের বেতিলা-মিতরা এলাকায় মোটরসাইকেল-ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলচালক ফিরোজ আহমেদ (১৮) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই মোটরসাইকেল আরোহী। অন্যদিকে ঢাকা- আরিচা মহাসড়কের জাগীর এলাকার বসুন্ধরা গেটের সামনে অজ্ঞাত বাসের চাপায় মো. মাহিম (২৫) নামে আরো এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

কোটালীপাড়া গোপালগঞ্জ): কোটালীপাড়া উপজেলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ তিন জন নিহত হয়েছে। গতকাল সকাল ৯টায় কোটালীপাড়ার উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের রতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার উত্তরপাড়া গ্রামের লাভলু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ফেনী প্রতিনিধি: দাগনভূঁইয়া থানার সামনে ট্রাকচাপায় সড়কে কর্মরত দুই শ্রমিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার গভীর রাতে রাস্তায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দাগনভূঁইয়ার বারাহিগুনী মোল্লাঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে আজমীর (২৮) ও কুমিল্লার মিয়ার বাজার রামচন্দ্রপুর এলাকার সাদেক আলীর ছেলে আবুল খায়ের (৩৫)। রাত ১২টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর শ্রমিকরা ফেনী-নোয়াখালী সড়কে ডিভাইডারের কাজ করার সময় একটি ট্রাক ঐ দুই শ্রমিককে চাপা দেয়। ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

পাঁচবিবি (জয়পুরহাট): রবিবার রাত সাড়ে ৮টায় জয়পুরহাটের পাঁচবিবি-হিলি সড়কের রামচন্দ্রপুর বেলাল চৌধুরীর ইটভাটা সংলগ্ন এলাকায় মোটরসাইকেল-মুরগি বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মশিউর রহমান (৪০) নামের এক পল্লি পশু চিকিৎসক নিহত হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ ধরঞ্জী গ্রামের মিজানুর রহমানের ছেলে।

লামা (বান্দরবান): লামায় যাত্রীবাহী চাঁদের গাড়ির চাপায় ছোটন শীল (২৬) নামক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকালে লামা-চকরিয়া সড়কের ইয়াংছার বদুঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ এই ঘটনায় ঘাতক গাড়ি বা চালক কাউকে আটক করতে পারেনি।

নান্দাইল (ময়মনসিংহ): ২৬ মার্চ সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র নান্দাইল উপজেলার রহিমপুর গ্রামের তোহাদ (১৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছে। সে হোসেনপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণি পড়ত।

বাঁশখালী (চটগ্রাম): বাঁশখালীর ছনুয়ায় ডাম্পারের চাপায় কবির আহমদ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার সময় ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুদুকখালী পুরাতন লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির আহমদ একই এলাকার মৃত হাফেজ আবদু সাত্তারের পুত্র।

ইত্তেফাক/এমআর