মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে পাবনার বেড়ায় তৈরি হয়েছে—‘শেকড় থেকে শিখরে’, ‘বিজয় বাংলা’ ও ‘জ্যোতির্ময়’ নামে তিনটি দৃষ্টিনন্দন ভাস্কর্য ও শিল্পকর্ম। বেড়া উপজেলার তরুণ চিত্রশিল্পী ও ভাস্কর বিপ্লব দত্ত ভাস্কর্যগুলো নির্মাণ করেছেন।
জানা যায়, এসব ভাস্কর্য পাবনা-১ আসনের সাংসদ অ্যাড. শামসুল হক টুকু ও পাবনা-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর পৃষ্ঠপোষকতায় নির্মাণ করা হয়েছে। উপজেলার নাটিয়াবাড়িতে বঙ্গবন্ধু ও বাংলার ইতিহাসকে কেন্দ্র করে ১০ ফুট উঁচু কংক্রিটের স্তম্ভের ওপর নির্মাণ করা হয়েছে ১৮ ফুট উঁচু বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য ‘শেকড় থেকে শিখরে’।
বেড়ায় শহিদ আবদুল খালেকের কবরের সামনে নির্মিত হয়েছে আরেকটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ ‘বিজয় বাংলা’। অন্যদিকে বেড়া পৌরসভার সামনে নির্মিত হয়েছে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য ‘জ্যোতির্ময়’।
ভাস্কর্যগুলোর স্হপতি বিপ্লব দত্ত বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এ দেশের মুক্তিযোদ্ধারা যে ইতিহাস সৃষ্টি করে রেখে গেছেন, এর অনেক কিছুই নতুন প্রজন্মের কাছে বিভিন্ন সময় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ ভাস্কর্যের মাধ্যমে সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সামান্য প্রয়াস এটি। এই কাজ নিজ জন্মস্থান বেড়ায় করতে পেরে তিনি গর্বিত।
